সিলেটের দক্ষিণ সুরমায় সন্ত্রাসী হামলা, ফার্মেসী ব্যবসায়ী নিহত

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৯:২৭

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে সন্ত্রাসী হামলায়  মো. আজির মিয়া (৪৫) নামের এক ফার্মেসী ব্যবসায়ী নিহত হয়েছে। শাহজালাল মেডিকেল হলের সত্ত্বাধিকারী আজির মিয়া ফার্মেসী বন্ধ করে বাড়ি ফেরার পথে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে লালাবাজার ব্রিজের উপর হামলার শিকার হন তিনি।

 
ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় তিন ঘন্টা অবরোধ করে রাখে। পরে রাত পৌনে ২টার দিকে আসামীদের গ্রেফতারে পুলিশের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয়া হয়।
 
স্থানীয়রা জানান, আজির উদ্দিনের ফার্মেসীতে প্রাকটিস করতেন ডায়েবেটিস বিশেষজ্ঞ মেডিসিন বিভাগের ডাক্তার নাদির হোসেন চৌধুরী। গত বুধবার রাতে তার প্রাইভেট কারটি একটি রাইস মিলের সামনে পার্কিং করে চেম্বারে আসেন। এসময় ভরাউটা গ্রামের আল ইছলাহ নেতা আজাদ তার প্রাইভেট কার দিয়ে ডাক্তার নাদিমের কারটিকে ধাক্কা দেন। এতে নাদিমের কার ক্ষতিগ্রস্থ হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্ঠি হয়। পরে এলাকার মুরব্বিসহ অলংকারি ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল আজ রবিবার বিষয়টি সমাধানের তারিখ নির্ধারণ করেন।
 
শুক্রবার রাতে ফার্মেসী বন্ধ করে বাড়ী যাওয়ার পথে লালাবাজার সেতুর ওপর ১৫/২০ জন লোক আজির উদ্দিনের পথরোধ করে এলোপাতাড়ি পিটিয়ে ফেলে রেখে যায় । এসময় তার কাছে থাকা নগদ টাকাও ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে স্থানীয় ব্যবসায়ীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আজির উদ্দিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণের ডিসি বাসুদেব বণিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। আসামীদের ধরতে পুলিশ অভিযান চালছে।