বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আজকে প্রমাণিত হয়েছে এ সরকার জনগণের ওপর অলিখিত বাকশাল তৈরি করে মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে। কিন্তু তারা চিরদিন এটা করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ এর প্রতিবাদ করবেই। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি ও সুচিকিত্সার দাবিতে মহিলা দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ সব কথা বলেন।
ড. মঈন খান বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পুনরায় এদেশে গণতন্ত্র কায়েম করা হবে, সেই গণতন্ত্র হবে বহুদলীয় গণতন্ত্র, সে গণতন্ত্র বাকশালী গণতন্ত্র নয়।’ মঈন খান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ‘আজকে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হচ্ছে। দরিদ্র জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে বর্তমান সরকার মেগা প্রজেক্ট করছে। এতে লাভবান হচ্ছে সরকারের গুটিকয়েক লোক। ’
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, রোকেয়া চৌধুরী তামান্না, ঢাকা মহানগর উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফা, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শামচুন্নাহার প্রমুখ।
