টাঙ্গাইলে পুলিশের গুলিতে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ০৯:৫০
টাঙ্গাইলের মধুপুরে একটি চেকপোস্টে পুলিশের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন।পুলিশের ধারণা তারা জঙ্গি ছিলেন।  রবিবার ভোর সাড়ে ৪টার দিকে মধুপুর উপজেলার টেলকি এলাকায় ওই ঘটনা ঘটে।
 
টাঙ্গাইল ডিবি পুলিশের ওসি অশোক কুমার সিংহ জানান, টেলকিতে একটি খ্রিস্টান গির্জায় জঙ্গি হামলা হতে পারে এমন খবরে রাতে ওই এলাকায় চেকপোস্ট বসায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। ভোরের দিকে মোটর সাইকেলে আসা দুই যুবককে থামার সংকেত দেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। এ সময় মোটরসাইকেলে থাকা দুই যুবক চাপাতি নিয়ে পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা গুলি চালালে দুজনই আহত হয়।
 
পরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
নিহত দুই যুবকের কাছ থেকে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করার কথাও বলেছে পুলিশ। ওসি অশোক কুমার সিংহ বলেন, ‘ধারণা করা হচ্ছে, নিহতরা কোনো জঙ্গি  গোষ্ঠীর সদস্য। এ ব্যাপারে তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা যাবে।’