বাংলাদেশ থেকে আল জাজিরা ওয়েবসাইটের খবর পড়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন পাঠকরা। বেশ কয়েকজন পাঠক জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে তারা আল জাজিরার ওয়েবসাইটে ঢুকতে পারছেন না। ফেসবুকে আল জাজিরার নিউজ ফিডগুলোও খোলা যাচ্ছে না। বাংলাদেশে আল জাজিরার ওয়েবসাইট আটকে দেওয়া হয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক এ সংবাদমাধ্যম, যা গুগল সার্চে দেখা যাচ্ছে। কিন্তু ঢাকা থেকে ওই লিংক খোলা যায়নি।
আল জাজিরার ফেসবুক পেজেও প্রতিবেদনটি শেয়ার করা হয়েছে, কিন্তু সেটিও খোলা যাচ্ছে না।
তবে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান মোঃ জহুরুল হক বাংলাদেশে আল জাজিরার ওয়েবসাইট বন্ধ রাখার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার জানা মতে আল জাজিরার ওয়েব সাইট বন্ধ করা হয়নি। তবে এ বিষয়ে কোনো সমস্যা হলে আল জাজিরা যদি বিটিআরসিকে জানায় তবে বিষয়টি দেখা হবে।’
