যশোরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর আরো এক সদস্য আত্মসমর্পণ করেছেন। মো. ফকরুল আলম তুষার (২১) নামের ঐ তরুণ সংগঠনটির সাবাব পরিচয়ের প্রাথমিক সদস্য।
তুষার চলতি বছর যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাস করেন। তার বাবা মো. আব্দুর রাজ্জাক শহরের আরবপুর এলাকার ব্যবসায়ী।
রবিবার দুপুরে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন। এর আগে গত ১১ আগস্ট যশোরে হিযবুত তাহরীর আরো তিন সদস্য আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারী হিযবুত তাহরীর সদস্য মো. ফকরুল আলম তুষার সাংবাদিকদের বলেন, ২০১৩ সালে আপন মামাতো ভাই রায়হান আহম্মেদের মাধ্যমে হিযবুত তাহরীরে যোগ দেন। তিনিসহ রায়হান, তানজিব, মেহেদী হাসান পাশা, শাওন, সজল ও মহিউদ্দীনের বাড়িতে ইসলামিক রাজনৈতিক চিন্তা বই দিয়ে শুরু করে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণ করেন। সজল ও মহিউদ্দীন ছাড়াও ঢাকার মোসাব্বির, সাকিন ও সাকিব এসে ক্লাস নিতেন এবং বিভিন্ন বইপুস্তক ও লিফলেট দিয়ে যেতেন। সেগুলো তারা পড়তেন এবং বিলি করতেন।
মো. ফকরুল আলম তুষার সাংবাদিকদের আরো বলেন, বাংলাদেশের যে সকল মানুষ জঙ্গি সংগঠনে যুক্ত তারা সঠিক পথে ফিরে আসুন। ইসলামের সাথে জঙ্গিবাদের সম্পর্ক নেই।
খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান, যেসব জঙ্গিরা আত্মসমর্পণ করছে তাদের মানবিক দৃষ্টিতে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা দেয়া হবে। আত্মসমর্পণকারী তুষারের বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় ২০১৩-এর সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
ইত্তেফাক/এএসএস
