কুমিল্লায় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ জিয়াউল হাসান মাহমুদ ও ইমতিয়াজ মাহমুদ আশিক নামে ২ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লাস্থ র্যাব-১১ এর একটি দল রবিবার বিকালে জেলার আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল রবিবার বিকাল ২টার দিকে দৌলতপুর গ্রামে অভিযান চালায়। এ সময় র্যাব ওই গ্রামের বশির উল্লাহর ছেলে জিয়াউল হাসান মাহমুদ (২৫) ও হারুন অর রশিদের ছেলে ইমতিয়াজ মাহমুদ আশিককে (২১) আটক করে। এ সময় তাদের নিকট থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি, ৩ টি মোবাইল সেট ও ৫টি সিম কার্ড উদ্ধার করা হয়।
কুমিল্লাস্থ র্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, আটক জিয়াউল হাসান মাহমুদ ও ইমতিয়াজ মাহমুদ আশিক ওই এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তারা অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএন
