বিভাগীয় কমিশনার কার্যালয়ের সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মশালা

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৭:৪৭
সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর উপর দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। ২০ এবং ২১ আগস্ট ২০১৬ তারিখে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
 
প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমেদ বলেন, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূলত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীর প্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা দলিল। এই চুক্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কৌশলগত উদ্দেশ্যসমূহ, এ সকল কৌশলগত উদ্দেশ্য অর্জনের জন্য গৃহীত কার্যক্রমসমূহ এবং কার্যক্রমের ফলাফল পরিমাপের জন্য কর্মসম্পাদন সূচক ও লক্ষ্যমাত্রাসমূহ দেয়া আছে।
 
অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্যাবিনেট ডিভিশনের উপসচিব আলতাফ হোসেন শেখ বলেন, সরকারের নীতি ও কর্মসূচি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন এবং সরকারি কর্মকাণ্ডে দায়বদ্ধতা নিশ্চিতকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ২০১৪-১৫ অর্থবছর থেকে মন্ত্রণালয়ের সাথে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। ২০১৫-১৬ অর্থবছর থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সাথে মন্ত্রণালয়ের এপিএ চুক্তি স্বাক্ষর হচ্ছে।
 
পাশাপাশি মন্ত্রণালয়ের সাথে অধীনস্থ দপ্তর/সংস্থাসমূহের কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে । ২০১৬-১৭ অর্থবছরে মন্ত্রণালয় ও দপ্তর বা সংস্থা ছাড়াও বিভাগীয়, আঞ্চলিক এবং জেলা পর্যায়ের দপ্তরসমূহকে এপিএ চুক্তির আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্ট অর্থবছর সমাপ্ত হওয়ার পর উল্লিখিত অর্থবছরের চুক্তিতে নির্ধারিত লক্ষ্যমাত্রাসমূহের বিপরীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রকৃত অর্জন মূল্যায়ন করা হয়।
 
উল্লেখ্য যে, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার ইউনিট এপিএ (বার্ষিক কর্মসম্পাদন চুক্তি) প্রণয়ন ও বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে যাচ্ছে। ২০১৬-১৭ অর্থবছরের এপিএ প্রণয়ন এবং বাস্তবায়নের নিমিত্ত এপিএ চুক্তিতে বর্ণিত সকল কাজের অগ্রগতি বস্তুনিষ্ঠভাবে পরিবীক্ষণ এবং মূল্যায়নের ব্যবস্থা রেখে এ বছর মন্ত্রণালয়, দপ্তর এবং বিভাগীয়, আঞ্চলিক এবং জেলা পর্যায়ের দপ্তরসমূহের জন্য তিনটি পৃথক নীতিমালা জারি করা হয়েছে।
 
জারিকৃত এ সকল নীতিমালাসহ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) বিষয়ে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকার আয়োজন এবং ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স এন্ড ডেভেলপম্যান্ট (বিআইজিডি), ঢাকা-এর সহযোগিতায় বিভাগ/আঞ্চলিক ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ পর্যায়ে বিভাগীয় ও জেলা পর্যায়ে ৫০ জন সরকারী কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
 
ইত্তেফাক/এসএসএ