বগুড়ায় প্রকৌশলীকে ছুরিকাঘাত, স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৯:৩৫

বগুড়ার শাজাহানপুর উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান (৪৩) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা চত্বরের মূল ফটকের সামনে ঘটনাটি ঘটেছে। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন। এঘটনার পর পুলিশ উপজেলা পরিষদের পাশ থেকে  আমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক রনিকে (২৫) গ্রেফতার করে।

 
উপজেলা পরিষদ ও স্থানীয় সূত্র জানায়,  রবিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শণ শেষে নিজ কার্যালয়ে ফিরছিলেন উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান। উপজেলা পরিষদে প্রবেশের প্রধান ফটকে পৌঁছালে ৩ যুবক  তার ওপর হামলা অতর্কিতে হামলা চালায়। তারা উপর্যুপরি ছুরিকাঘাত করে শাহিনুজ্জামানকে ফেলে রেখে যায়।
 
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল ইসলামসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। উপস্থিত ব্যক্তিগণ প্রকৌশলী শাহিনুজ্জামানকে দ্রুত শজিমেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
 
উপজেলা প্রকৌশল অফিসের একটি সুত্র জানায়, কয়েক মাস যাবৎ স্বেচ্ছাসেবকলীগের কতিপয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন টেণ্ডার নিয়ে উপজেলা প্রকৌশলীর বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে এর আগে স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল।
 
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ চৌধূরী জানান, গ্রেফতারকৃত রনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার কারণ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
 

ইত্তেফাক/এএন