কুমিল্লায় ব্যাংক কর্মকর্তার বাসা থেকে নাসিমা আক্তার নামে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকালে নগরীর উত্তর চর্থা এলাকা থেকে ওই গৃহপরিচারিকার লাশ উদ্ধার করে পুলিশ। নাসিমা আক্তার চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া মধুখালী গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর উত্তর চর্থা এলাকার ডা. ইমাম উদ্দিনের বাসার ভাড়াটিয়া পূবালী ব্যাংক কর্মকর্তা রেহানা আক্তারের বাসায় প্রায় ৩/৪ মাস আগে গৃহপরিচারিকার কাজ নেয় নাসিমা আক্তার (১৪)। রবিবার বিকালে ঘরে ঝুলন্ত অবস্থায় পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার করে।
কোতোয়ালী মডেল থানার এসআই মোস্তফা জানান, বাসা থেকে ওই কিশোরীর লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ব্যাংক কর্মকর্তার পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ আরো জানায়, অসুস্থতার কারনে ওই কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ইত্তেফাক/এএন
