'শেখ হাসিনাকে বার-বার হত্যার চেষ্টা করা হয়েছে'

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ২০:৪৩
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, 'বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার-বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন এবং কর্মের মাধ্যমেও তিনি চিরদিন বেঁচে থাকবেন।'
 
শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে উল্লেখ করে মুজিবুল হক বলেন, 'গত সাড়ে ৭ বছর ধরে দেশের অগ্রগতি ও উন্নতি অব্যাহত রয়েছে। বিদেশেও বাংলাদেশের মর্যাদা বেড়েছে।'
 
তিনি রবিবার দুপুরে রাজধানীর আব্দুল গণি রোডস্থ রেলভবনে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
 
রেলমন্ত্রী বলেন, 'রবিবার ২১ আগস্ট। ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে একটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে যখন শেখ হাসিনা বক্তৃতা করছিলেন তখন আকস্মিক গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ দলের ২৪ জন নেতা-কর্মী নিহত হন। এছাড়াও এই হামলায় আরো ৩শ' জন আহত হন।'
 
বিভীষিকাময় গ্রেনেড হামলার এক যুগ পর জাতি আজ শ্রদ্ধাবনোতচিত্তে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলা দিবস পালন করছে বলে দাবী করে মন্ত্রী বলেন, 'আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে আনেকবার ষড়যন্ত্র করা হয়েছে শত চেষ্টা করেও এ সংগঠনকে নিশ্চিহ্ন করা যাবে না।'
 
স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'বাংলাদেশ আওয়ামী লীগ একটি আদর্শ ও অনুকরণীয় সংগঠন হিসাবে রবিবার সকলের কাছে সমাদৃত হয়েছে।
 
ইত্তেফাক/এসএস