জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার বিকেলে শিপন মিয়া (৩২) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। জানা যায়, নিহত শিপন সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের মধ্যচাঁপারকোনার জামতলা এলাকার বাসিন্দা মোতালের হোসেনর পুত্র। সে আরামনগর কামিল মাদ্রাসার ১ম বর্ষের ছাত্র।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, গত রবিবার বিকেল সাড়ে চারটায় শিপন মিয়ার পালক পিতা আ. সালামের সঙ্গে বসে ভাত খাওয়ার সময় প্রতিবেশী দুলাল ও তার পরিবারের সদস্যদের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুলাল ও তার পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে শিপনের উপর হামলা করে শিপনের গলাকেটে ফেলে। পরে শিপনকে তাৎক্ষনিক সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজ বিল্লাহ মৃত ঘোষণা করেন।
এ খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুলালের স্ত্রী আঙ্গুরীকে আটক করলেও দুলালসহ বাকিরা সব পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
