ফেনীতে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।
পরশুরামের উত্তর শালধর অংশে মুহুরী নদীর বেড়িবাঁধের ২০০ ফুট ভেঙে গেছে। এতে নদী-তীরবর্তী চার গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. কহিনুর আলম এ তথ্য জানান।
তিনি বলেন, গত দুই দিনের বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে ফুলগাজীর মুহুরী নদী এবং কহুয়া নদীর বেড়িবাঁধের জয়পুর, উত্তর দৌলতপুর ও বিজয়পুর অংশে ভাঙন দেখা দিয়েছে।
এ সময় নদীর পানি প্রবল বেগে ফুলগাজী বাজার ও আশপাশের গ্রামে ঢুকে পড়ে। ফেনী-ফুলগাজী সড়কের ফুলগাজী বাজার অংশ ও গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে যায়।
এর আগে গত ১৭ জুলাই ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর অংশে মুহুরী নদীর বেড়িবাঁধ ৩০ মিটার ভেঙে উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, ঘনিয়ামোড়া ও বরাকপুর গ্রাম প্লাবিত হয়।
ইত্তেফাক/এমআই
