সুনামগঞ্জে শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৭:০৩

সুনামগঞ্জ পৌর শহরের সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের ওপর  সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজও মানববন্ধন করেছে শহরের ৭টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার  বেলা ১২টায় শহরের আলফাত স্কয়ারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্টিত হয়। মানবন্ধনে শহরের ৭টি শিক্ষা প্রতিষ্টানের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।
 
মানববন্ধনে বক্তারা জানান, সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শাহজাহান আলীকে শনিবার রাতে শহরের নতুনপাড়া এলাকার বাসা থেকে ডেকে এনে সন্ত্রাসীরা বেধড়ক মারধর করে। এতে তিনি মারাত্মক আহত হন। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয় মানববন্ধনে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
 
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইনসান মিয়া, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল গফুর খান, আব্দুস সাত্তার, শিক্ষার্থী জানাতুল ফেরদৌস, মিতা তালুকদার, সুমাইয়া জাহান, মুনমুন চৌধুরী প্রমুখ।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন রশীদ জানান শিক্ষকের ওপর হামলায় একটি মামলা হয়েছে। আমারা বিষয়টি দেখছি। মামলাটির বিষয়ে তদন্ত চলছে।
 
ইত্তেফাক/এএন