চার মাসের শিশু এমারসিন বিছানায় শুয়ে আপন মনে আওয়াজ করছিল, কিন্তু তাতে টিভি দেখতে মগ্ন বাবার অসুবিধা হয়। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে নিজের বাচ্চার মুখে ও বুকে ঘুষি দিয়ে তাকে মেরেই ফেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা মরিস।
গত ১৩ আগস্ট, চারমাসের শিশুকন্যা এমারসিনকে মেরে ফেলে নিজেই পুলিশকে ফোন করে কোরি মরিস সব কথা স্বীকার করে। সে জানায়, শিশুর মুখে ১৫ বার এবং বুকে ৭ বার ঘুষি মারে। এখানেই শেষ নয়, মেয়েকে চুপ করানোর জন্য, সে শিশুর বুকে এত জোরে চাপ দেয়, যে সেখানেই শ্বাসরোধ হয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এই কাণ্ড ঘটিয়ে মরিস নিজের মা এবং স্ত্রীকে ফোন করে। তাঁদের বলে, সে একটা বাজে কাজ করে ফেলেছে। যদিও, কী সেই ‘বাজে কাজ’ তা খোলসা করেনি। মিনিয়াপলিসের বাসিন্দা ২১ বছরের কোরি মরিসের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, সপ্তাহে তিন-চারদিন ওই শিশুর দেখাশোনা করত মরিস। কারণ, সেইসময় তার শিশুটির মা (মরিসের স্ত্রী) কাজে যেতেন। এই ঘটনার পর পুলিশকে স্ত্রী জানান, খুব অল্পতেই মেজাজ হারিয়ে ফেলত মরিস। এমনকি, তার ওপরও শারীরিক অত্যাচার করত এবং জিনিস ছুড়ে মারত। পরিবারের সদস্যদের মতে, মরিসের মানসিক স্থিতি স্বাভাবিক নয়। পুলিশ তা খতিয়ে দেখছে। আপাতত শিশু-হত্যাকারী মরিসের ঠিকানা কারাগার। এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ
