কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:৫৯

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম সমন্বয়ক এবং আসন্ন সংসদ নির্বাচনে কুমিল্লার দুইটি আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর জামিন ও পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৯নং আমলী আদালতের বিচারক গোলাম মাহাবুব খান এ আদেশ দেন।

জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর জেলার সদর দক্ষিণ মডেল থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় মনিরুল হক চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ৪ নভেম্বর পুলিশ কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে। গত ১৪ নভেম্বর আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখায় এবং বিশেষ ক্ষমতা আইনের অপর একটি মামলায় পুলিশের রিমান্ড আবেদন ও জামিন নামঞ্জুর করে। পরে পুলিশ সন্ত্রাস বিরোধী আইনের ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য একই আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। মনিরুল হক চৌধুরীর পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন নামঞ্জুরসহ তার জামিন চেয়ে আদালতে আবেদন করেন।