বসুন্ধরা সিটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৩:১৮
 
রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনটি এখন তাদের পর্যবেক্ষণে রয়েছে। 
 
মঙ্গলবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, এখন আর আগুন নেই। ভবনটি আমরা পর্যবেক্ষণে রেখেছি।সবকিছু ঠিকঠাক মনে হলে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
 
বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের হেড অব মার্কেটিং এম এম জসিমউদ্দিন জানিয়েছেন, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদের কাছে ভবনটি হস্তান্তর করলে আমাদের টেকনিক্যাল কমিটির বৈঠক বসবে। সেখানে ঠিক করা হবে কোন দিন থেকে মার্কেটটি খুলে দেয়া যায়।
 
এর আগে রবিবার বেলা ১১টার দিকে বসুন্ধরা শপিং মলের লেভেল সিক্সের সি ব্লকের একটি জুতার দোকানে আগুন লাগে। এরপর সেই আগুন বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। ১০ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার হয়। তবে সোমবারও ঐ ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে  প্রতিটি দোকানের শাটার ভেঙে ‘সুপ্ত আগুন’ নেভানোর কাজ (ডাম্পিং) করা হয়।
 
ইত্তেফাক/এএসএস