নীলফামারীর পল্লি বিদ্যুতের জিএমসহ বরখাস্ত তিন

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৪:২৮
নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার খামার গাড়াগ্রামে পল্লি বিদ্যুতের তার ছিড়ে তিনজনের মৃত্যু ও ১১ জনের আহত হবার ঘটনায় পল্লি বিদ্যুৎ সমিতির পক্ষে পৃথক দুইটি  তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে নীলফামারী পল্লি বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক (জিএম) ইনসের আলী ও  টেপারহাট পল্লি বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ ও লাইনম্যান রুবেল হোসেনকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
 
সোমবার সন্ধ্যায় নীলফামারী পল্লি বিদ্যুৎ সমিতির দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
 
সূত্র মতে, এ ঘটনায় পল্লি বিদ্যুৎ সমিতির ঢাকা প্রধান কার্যালয়ের পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অপরদিকে নীলফামারী পল্লি বিদ্যুৎ সমিতির উপ মহাব্যবস্থাপক মকছেমুল হাকিমকে প্রধান করে তিন সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
পল্লি বিদ্যুৎ সমিতির রংপুর অফিসের নির্বাহী প্রকৌশলী (সিস্টেম অপারেশন) মাসুদ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ভারপ্রাপ্ত মহা ব্যবস্থাপক হিসাবে নীলফামারী পল্লি বিদ্যুৎ সমিতির উপ মহাব্যবস্থাপক মকছেমুল হাকিমকে দায়িত্ব দেয়া হয়েছে।
 
কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত ) আশরাফুজ্জামান বলেন, ‘আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।’
 
ইত্তেফাক/এএসএমইউ