পলাশবাড়িতে নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৬:০৯
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় নিখোঁজের একদিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল কাদের (৬৫) ওই ইউনিয়নের আসমতপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
 
মঙ্গলবার দুপুরে উপজেলার পলাশগাছী গ্রামের একটি বাঁশ ঝাড়ে গলায় রশি লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, সোমবার বিকালে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে পলাশবাড়ী শহরে যান আব্দুল কাদের। এরপর রাতে আর বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী পলাশগাছী গ্রামের একটি বাঁশ ঝাড়ে স্থানীয়রা গলায় রশি লাগানো অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে।
 
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।