উল্লাপাড়ায় শিক্ষা সফরের খাসি ছিনতাই

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৭:১২
 
শিক্ষা সফরের প্রস্তুতি চলকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের কেনা একটি খাসি ছাগল ছিনতাই হয়ে গেছে। একদল উচ্ছৃঙ্খল যুবক সবার উপস্থিতিতে খাসিটি ছিনিয়ে নিয়ে চলে যায়।
 
শিক্ষা সফর আয়োজক কমিটির শিক্ষার্থী রাসেল, মিলন, জাকির ও রিপন অভিযোগ করেন, তারা শিক্ষক শিক্ষার্থী অভিভাবক মিলে ১৪০ জন তিনটি নৌকায় মঙ্গলবার সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কুঠিবাড়িতে যাবার পরিকল্পনা করে। কুঠিবাড়িতে রান্নার সুযোগ না থাকায় মাদ্রাসা চত্ত্বরে রান্না করে প্যাকেট খাবার নিয়ে যাবার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী সকাল নয়টার দিকে তারা মাদ্রাসা চত্ত্বরে রান্নার কাজ শুরু করে। ১৮ হাজার টাকা দিয়ে কেনা দুটি খাসি ছাগলের একটি জবাইয়ের পর কিছু উচ্ছৃঙ্খল যুবক মাদ্রাসায় ঢোকে। তারা অপর খাসিটি তাদের (যুবকদের) খাবার হিসেবে উল্লেখ করে জোরপূর্বক নিয়ে চলে যায়। এই ঘটনায় শিক্ষা সফর বাতিল হয়ে যায়।
 
উক্ত মাদ্রাসার সুপার আ.ফ.ম ওসমান গনি জানান, এই দুঃখজনক ঘটনাটি স্থানীয় উধুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলকে জানিয়ে বিচার চাওয়া হয়েছে। খাসি ছিনতাইয়ের ঘটনায় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা মর্মাহত হয়েছেন। 
 
উধুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, খাসি ছিনতাইয়ের ঘটনাটি তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করে তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন।
 
এ ব্যাপারে উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কউশিক আহমেদ জানান, বিষয়টি তিনি তদন্ত করে দেখছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ চাইলে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এএম।