৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

ভাণ্ডারিয়ার মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২১:৪১
৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় কাবাডি, হ্যান্ডবল ও ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে।
 
বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
 
এদিকে মঙ্গলবার বিকেলে ভাণ্ডারিয়ায় হাসপাতাল মাঠে বালকদের ফুটবল প্রতিযোগিতায় ভাণ্ডারিয়া বিহারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যায়ল ৩-২ গোলে পৈকখালী হাজী এস এন জামান মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়েছে। এ সময়  প্রধান অতিথি ছিলেন জাতীয়পার্টির (জেপি) উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মো. নজরুল ইসলাম বিশ্বাস। ধারা বিবরণীতে শিক্ষক মো. শফিকুল আযাদ ও মো. মেহেদি হাসান এবং লাইসম্যানে ছিলেন শিক্ষার্থী শাওন ও রাকিব।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফইজুর রশিদ খশরু জোমাদ্দার, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক বিহারী স্কুলের স্কাউট শিক্ষক বিধান চন্দ্র চক্রবর্তী প্রমুখ।
 
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
 
প্রসঙ্গত,  উপজেলা পর্যায়ে ২০ আগস্ট থেকে শুরু হয়ে মঙ্গলবার ৪ দিনব্যাপী অনুষ্ঠানে  সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডিসহ ১৭টি ইভেন্টে উপজেলার ৪৫টি স্কুল ও মাদ্রাসার বালক-বালিকারা অংশগ্রহণ করে।
 
 
 
ইত্তেফাক/ইউবি