আদিতমারীতে ৫ম শ্রেণির ছাত্রী অপহৃত, ইউপি সদস্যসহ চারজনের নামে মামলা

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৭:৪০
লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নে ৫ম শ্রেণীর এক মাদরাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে এক ইউপি সদস্য ও তার ছেলেসহ চারজনের নামে মামলা করেছেন ওই ছাত্রীর মা। আসামিরা হলেন, ইউপি সদস্য নুর মোহাম্মদ (৫৫) তার ছেলে আব্দুল কাদের (২২), আশরাফ আলী (৩২) ও রিপন মিয়া (২৫)।
 
এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলীসহ একটি প্রভাবশালী মহল।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন পলাশী ইউপি চেয়ারম্যান।
 
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের ৫ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে সোমবার রাত আটটার দিকে একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য নুর মোহাম্মদের ছেলে আব্দুল কাদের বাড়ির কাছ থেকে জোর করে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মা আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর পুলিশ মঙ্গলবার রাতে মেয়েটিকে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়ন থেকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে এ অপহরণের সঙ্গে ইউপি সদস্য প্রত্যক্ষভাবে জড়িত বলে মেয়েটির মা দাবি করেন।
বুধবার দুপুরে ওই ছাত্রী পুলিশকে জানায়, অপহরণের পর একটি বাড়িতে আটকে রেখে একাধিকবার তাকে জোর পূর্বক ধর্ষণ করেছে আব্দুল কাদের।
 
ওই শিক্ষার্থী এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেছে।
 
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক(এসআই) শাহীন আকতার জানান, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার বিকালে হাসপাতালে পাঠানো হয়েছে।
 
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের দ্রুত গ্রেফতারে অভিযান চালানো হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ