বরিশালে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১৬:০৬

বরিশালে সড়ক দুর্ঘটনায় বিএম কলেজ ছাত্রীসহ সাতজন নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় বিএম কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

প্রায় দেড় ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ থাকায় কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারেনি। এসময় এয়ারপোর্ট থানা পুলিশের বাঁধা অতিক্রম করে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, তারা নিরাপদ সড়কের দাবিতে এবং বিএম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী শিলা হালদারসহ সকল নিহত ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে। পরবর্তীতে বিএমপির এয়ারপোর্ট থানার ওসি আব্দুর রহমান মুকুল শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

আরো পড়ুন: হোলির দিন ক্রিকেট খেলায় মুসলিম পরিবারকে বেধরক পিটুনি

উল্লেখ্য, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল বানারীপাড়া সড়কের তেতুলতলা নামক স্থানে বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারা যান সাতজন। পুলিশ, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টরা জানান, হাসপাতালে নেওয়ার পথে দুইজন, আর অপর চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সবশেষ তায়িব নামে এক শিশুকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এনিয়ে নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও চারজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছন। 

 

ইত্তেফাক/জেডএইচ