রাখাইন রাজ্যের সংঘাত নিরসনে মিয়ানমারকে পরামর্শ দেবেন কফি আনান

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৮:১৬
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত সমাধানে দেশটির নতুন সরকারকে পরামর্শ দেবেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। রাজ্যটিতে বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলমানদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে।
 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলের এ রাজ্যে ২০১২ সালে সাম্প্রদায়িক রক্তপাতে ব্যাপক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় এক লাখেরও বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছিল। 
 
মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিক হিসেবেই স্বীকৃতি দেয় না। তাদের চলাফেরা, স্বাস্থ্য সেবা ও অন্যান্য মৌলিক সেবা পাওয়ার ক্ষেত্রে ব্যাপক বিধিনিষেধ রয়েছে সেখানে।
 
রোহিঙ্গাদের জন্য একটা সমাধান খোঁজা গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু কি’র নেতৃত্বাধীন নতুন নির্বাচিত সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। রোহিঙ্গাদের দুর্দশার বিষয়টি তুলে ধরার ব্যর্থতার জন্য বিভিন্ন মানবাধিকার সংগঠন শান্তিতে নোবেল বিজয়ী সু কি’র সমালোচনাও করেছে। -এএফপি/ইত্তেফাক/এমএএস