ঘুষ গ্রহণের মামলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মালেককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার রাজধানীর বনানী এলাকা থেকে দুদক পরিচালক আক্তার হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে।
দুদক সূত্র জানায়, মো. আবদুল মালেক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বরগুনা পরিচালন ও সংরক্ষণ (পওব) বিভাগের নির্বাহী প্রকৌশলী থাকা অবস্থায় ঠিকাদার আবদুল্লাহ আল মারুফকে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘুষ গ্রহণ করেছেন। এ অভিযোগে চলতি বছরের ৮ নভেম্বর বরগুনা থানায় মামলা দায়ের করে দুদক।
জানা গেছে, ঢাকার কাফরুলের সেনানিবাস এলাকার ৪৯০ নম্বর বাড়িতে বসবাস করতেন আবদুল মালেক। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ধরনজি গ্রামে।
