আখাউড়া দিয়ে ২৭৩ টন চাল গেল ত্রিপুরায়

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৭:০৯
মানবিক কারণে শুল্ক ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ২৭৩ মেট্রিক টন চাল ভারতের ত্রিপুরা রাজ্যে গেছে ।
 
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে ২৭৩ টন চাল নিয়ে ১৫টি কাভার্ডভ্যান ত্রিপুরার উদ্দ্যেশে ছেড়ে যায়। আখাউড়া স্থলবন্দর দিয়ে বেলা সাড়ে ১১ টায় চাল নিয়ে কাভার্ডভ্যান গুলো ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে।
 
এর আগে গত মঙ্গলবার বিকালে চাল নিয়ে এমভি অভি নামে জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে। গত বুধবার সকালে জাহাজ থেকে চাল খালাস করে কাভার্ডভ্যানে লোডিং করা হয়।
 
জানা গেছে, মানবিক কারণে শুল্ক ছাড়াই বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় ৩৫ হাজার মেট্রিকটন ভারতীয় খাদ্যশস্য (চাল) বাংলাদেশের ওপর দিয়ে পরিবহনের অনুমোদন পায় ভারত সরকার। এ চুক্তির আওতায় ২০১৪ সালের আগস্টে ১০ হাজার টন ও ২০১৫ সালের মার্চে ১০ হাজার টন চাল বাংলাদেশের ওপর দিয়ে ভারতের ত্রিপুরায় নেয়া হয়েছে। ওই চালের আরেকটি চালান নিয়ে এমভি অভি নামে একটি জাহাজ গত ১৪ আগস্ট কলকাতার খিদিরপুর বন্দর থেকে ছেড়ে আসে এবং গত মঙ্গলবার বিকালে জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে। এ সব চাল ত্রিপুরা রাজ্যে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের ৪৫০ কিলোমিটার নৌপথ ও ৫০ কিলোমিটার স্থলপথ ব্যবহার করা হলেও ১৯৭২ সালের নৌ-প্রটোকল চুক্তির আওতায় বিশেষ মানবিক কারণে কোন প্রকার শুল্ক নেয়া হচ্ছে না।
 
এ ব্যাপরে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার (রাজস্ব)কামরুল ইসলাম জানান, কাস্টমস থেকে  সকল আনুষ্ঠানিকতা শেষ করে জাহাজ থেকে কাভার্ডভ্যানে চাল উঠানোর অনুমতি দেয়া হয়। শুল্ক ছাড়া সকল প্রকার চার্জ পরিশোধ করে এসব চাল ত্রিপরায় পাঠানো শুরু হয়েছে। বৃহস্পতিবার ১৫টি কাভার্ডভ্যান আখাউড়া স্থলবন্দরের পৌঁছলে সেখানে সকল আনুষ্ঠানিকতা শেষ করে কাভার্ডভ্যানগুলো ত্রিপুরার উদ্দেশে ছেড়ে যায়।
 
 
ইত্তেফাক/ইউবি