ভোলার মনপুরা উপজেলায় জেলেরা ইলিশ ধরা অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টায় হাতিয়ার জলদস্যু আলাউদ্দিন বাহিনী আবারো জেলেদের উপর হামলা চালিয়ে ট্রলারসহ এক মাঝিকে ধরে নিয়ে গেছে। অপহৃত মাঝি ও ট্রলারটি ছাড়িয়ে আনতে জলদস্যু বাহিনীর প্রধান তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছেন।
জলদস্যুদের হামলার ভয়ে কেউ মুখ খুলতে রাজি নন। প্রতিনিয়ত জলদস্যুদের হামলার শিকার হচ্ছেন মনপুরার জেলেরা। ভয়ে ও আতঙ্কে অনেকে এ পেশা ছেড়ে দিচ্ছেন। শুক্রবার বেলা একটা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো অপহৃত মাঝি ও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
হাতিয়া জোনের কোস্টগার্ড প্রধান লে. কমান্ডার ওমর ফারুক বলেন, ‘আমরা জলদস্যুদের হামলার ঘটনা শুনে তৎক্ষণাৎ মেঘনায় অভিযান পরিচালনা করি। এখনও অভিযান চলছে।
এদিকে নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় কয়েকজন আড়তদার ও জেলে বলেন, ‘জলদস্যুদের হামলাস্থল থেকে কোস্টগার্ডের ক্যাম্প মাত্র দেড় কিলোমিটার দূরে। কোস্টগার্ড যদি ইচ্ছে করেন তাহলে এক ঘণ্টার মধ্যে জলদস্যুদের আটক করতে পারেন।’
তাদের অভিযোগ, কোস্টগার্ডের সঙ্গে যোগসাজস করে জলদস্যুরা মেঘনায় জেলেদের আটক করে মুক্তিপণ আদায় করেন। মুক্তিপণের একটি অংশ হাতিয়ার কোস্টগার্ড পেয়ে থাকে।
ইত্তেফাক/এএসএমইউ
