এই দেশ সব ধর্মের মানুষের: জন্মাষ্টমীর আলোচনা সভায় বক্তারা

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ২২:০২
শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন , 'এই দেশ সব ধর্মের মানুষের। কোন জঙ্গিবাদ এই দেশে স্থান পাবে না। ২০২১ সালের মধ্যে এ দেশ মধ্য আয়ের দেশে পরিণত করতে হলে সবাইকে সম্মেলিত হয়ে কাজ করতে হবে, এর কোন বিকল্প নেই।' 
 
মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত এই আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনে অনুষ্ঠিত হয়। মহনগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
 
বিশেষ অতিথি ছিলেন হাজী মো. সেলিম এমপি। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ্ এমরান, ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ, ঢাকা মহাধর্মপ্রদেশ এর সিএসসি বিশপ থিওটনিয়াস গোমেজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল অনুষ্ঠানে বক্তৃতা করেন।
 
স্বাগত বক্তব্য রাখেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায় ও অনুষ্ঠান পরিচালনা করেন জন্মাষ্টমী প্রস্তুতি কমিটির সদস্য সচিব অ্যাডভোকে কিশোর রঞ্জন মণ্ডল।
 
এ সময় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, 'নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে, যে জন্মাষ্টমী উপলক্ষে এ আয়োজন, সেই ভগবান শ্রীকৃষ্ণের এটাই শিক্ষা।' উদ্বোধনী ভাষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, 'এই দেশ সব ধর্মের মানুষের। কোন জঙ্গিবাদ এই দেশে স্থান পাবে না। সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ দমন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে।'
 
ইত্তেফাক/এসএস