রামগঞ্জ পৌর শহর সোনাপুর হরিসভা সড়কটি এক যুগ ধরে সংস্কার না হওয়ায় লক্ষাধিক লোকের চরম ভোগান্তি হচ্ছে। দশ কি.মিটারের এ সড়কে ১০ সহসস্রাধিক গর্ত রয়েছে। প্রয়োজনের তাগিদে চরম ভোগান্তির মধ্যেও মানুষ চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে।
পৌরসভার কমরদিয়া, আগুনখীল, বাঁশঘর ও ইছাপুরের শ্রীরামপুর, শিবপুর, সোন্দড়া, রাঘাবপুর, নুনিয়াপাড়া, নয়নপুর ও নারায়ণপুরসহ ২০ গ্রামের লক্ষাধিক লোকের রামগঞ্জ শহর এবং পার্শ্ববর্তী ফরিদগঞ্জ-রায়পুর উপজেলার সঙ্গে যোগাযোগের মাধ্যম এ সড়কটি। এ সড়ক দিয়ে তিনটি কলেজ, ১০টি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও পাঁচটি মাদ্রাসাসহ ২০ শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীকে প্রতিদিন যাতায়াত করতে হয়। এছাড়া রয়েছে শাহ মিরান ফিস ফিড ইন্ডাস্ট্রিজ ও মিল্ক ভিটাসহ ছোট বড় কয়েকটি শিল্প-কারখানা।
উপজেলা প্রকৌশলী সনত্ কুমার জানান, সড়কটি সংস্কার করতে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এমএ আওয়াল জানান, সড়কটি চলাচলে অনুপযোগী এ ব্যাপারে অনেক অভিযোগ পেয়েছি। আমার চেষ্টা অব্যাহত আছে, আগামী বাজেটে সড়কটির টেন্ডার হবে।
ইত্তেফাক/এএন
