স্বামীকে শিক্ষা দিতে স্বেচ্ছায় অপহৃত বউ!

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ০৯:৫২
স্বামীকে 'উচিত শিক্ষা' দিতে চেয়েছিলেন বউ। তাই বাস্তব জীবনে মঞ্চায়নের জন্য পুরো একটা চিত্রনাট্য সাজান টেলিভিশনের ক্রাইম সিরিজ দেখে! এরপর নিজেকে অপহরণ করে নিজের স্বামীর কাছেই চান ১০ লাখ রুপি মুক্তিপণ! কিন্তু শেষরক্ষা হল না। ধরা পড়েই গেলেন মুম্বাই পুলিশের হাতে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ বছরের ওই যুবতী স্বামীর সঙ্গে কোচিং সেন্টার চালাতেন। কয়েকদিন আগেই দুপুর একটা নাগাদ তিনি কোচিং ক্লাস করানোর জন্য বাসা থেকে বেরিয়েছিলেন। ঘণ্টাখানেক পর যুবতীর স্বামী একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পান, যাতে মুখ বাঁধা অবস্থার তার স্ত্রীর অজ্ঞান হয়ে পড়ে থাকার একটি ছবি ছিল। ঠিক ১৫ মিনিটের ব্যবধানে আরও একটি মেসেজে মুক্তিপণ হিসেবে ১০ লাখ রুপি দাবি করা হয়েছিল।
 
স্ত্রীর অপহরণের মেসেজ পেয়েই পুলিশের কাছে যান স্বামী। ঘটনার তদন্তে নেমে যুবতীর যাত্রাপথের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। যাতে তাকে এক রেলস্টেশনের কাছে একা ঘোরাফেরা করতে দেখতে পাওয়া যায়। এরপরই মোবাইল ফোনের সূত্র ধরে রহস্যের সমাধান করে মুম্বাই পুলিশ। 
 
পুলিশের জেরার মুখে নিজের এই কীর্তির কথা স্বীকার করে নেন যুবতী। তার অভিযোগ, যৌথভাবে কোচিং সেন্টার চালানোর পরও স্বামী ঠিকঠাক লভ্যাংশ দেন না। সেই জন্যই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। কোনও পুলিশি অভিযোগ অবশ্য দায়ের করা হয়নি শেষ পর্যন্ত। তাই গ্রেফতার করা হয়নি যুবতীকে।
 
ইত্তেফাক/এএম