রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশার (১৪) হত্যাকারী ওবায়দুল খানকে গ্রেফতারের দাবিতে কাকরাইল সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১১টার দিকে স্কুলের সামনে শোক সভা ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। আশেপাশের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরাও এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। হত্যার ঘটনায় ক্ষোভ জানিয়ে স্কুলের শিক্ষক ও সহপাঠীরা হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে ওই দাবিতে শিক্ষার্থীরা বেলা ১২টা থেকে দুপুর ১ পর্যন্ত কাকরাইল সড়ক অবরোধ করে রাখে। ২/৩ শত শিক্ষার্থী বৃষ্টি উপেক্ষা করে রিশার হত্যাকারীকে গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ করে।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে কাকরাইল ফুটওভার ব্রিজে স্টার্ন মল্লিকা মার্কেটের বৈশাখী টেইলার্সের কার্টিং মাস্টার ওবায়দুল খান রিশাকে ছুরিকাঘাত করেন। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিশা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় রিশার মা তানিয়া আহমেদ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। রিশার বাবা রমজান হোসেন পুরান ঢাকার সিদ্দিক বাজারের একজন ক্যাবল অপারেটর ব্যবসায়ী।
ইত্তেফাক/কেকে
