‌'৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ হবে'

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ২০:৩১
আসন্ন কোরবানি উপলক্ষে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নগরবাসীর উদ্দেশে বলেন, কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত জায়গায় ফেলবেন। জনগণের সহায়তায় গত বছর ৭২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে পেরেছি। এ বছর আমাদের প্রস্তুতি আরও জোরালো, আপনাদের সহযোগিতা থাকলে এ বছর আমরা ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা শহরকে পরিষ্কার করতে পারব। 
 
তিনি নগরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে সকলের আন্তরিক প্রচেষ্টার আহ্বান জানান। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য প্রদানকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন একথা বলেন।
 
তিনি সোমবার পুরানো ঢাকার ৪৩ নম্বর ওয়ার্ডের লালকুঠি কমিউনিটি সেন্টার, শ্যামবাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার, তার যোগ্য উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশ আজ ক্ষুধা-দারিদ্রমুক্ত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবতা এখন হাতের মুঠোয়। বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব হয়েছে কিন্তু তার মহান আদর্শকে হত্যা করা সম্ভব হয় নাই। তেমনিভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে জোয়ার বইছে কোন মৃত্যুভয় তাকে স্তব্ধ করতে পারবে না।
 
আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশেও চাল রপ্তানি করছে। পৃথিবীর উন্নত দেশসমূহে আজ বাংলাদেশের তৈরি পোশাক, জুতা, ঔষধ রপ্তানি হচ্ছে। অথচ আজ থেকে মাত্র ত্রিশ বছর আগেও মানুষ খাদ্য, বস্ত্র, চিকিৎসা সমস্যায় ভুগেছে।
 
তিনি বলেন, দেশ যে উন্নত হয়েছে তা ঢাকা শহরের গাড়ির বহর দেখলেই বোঝায়। স্বাস্থ্য সেনিটেশনসহ নানা সামাজিক ইস্যুতে বাংলাদেশ পাশ্ববর্তী অনেককে ছড়িয়ে গেছে। 
 
তিনি বলেন, মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সিংগাপুরসহ বিভিন্ন দেশে প্রায় ১ কোটি মানুষ আজ কর্মরত। দেশের অগ্রগতিতে তাদের অবদান অনেক। 
 
 
 
ইত্তেফাক/এমআই