৭ খুন: পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১ সেপ্টেম্বর

আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৯:৫৩
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মন্ডলের সাক্ষ্য গ্রহণ অব্যাহত রয়েছে। 
 
সোমবার দ্বিতীয় দিনের মতো মামুনুর রশীদ মন্ডল আদালতে তার সাক্ষ্য প্রদান করেন। কিন্তু সোমবারও তার সাক্ষ্য প্রদান শেষ না হওয়ায় আগামী ১ সেপ্টেম্বর আবারো তার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। সাত খুনের ঘটনায় গ্রেফতার নূর হোসেন, তারেক সাঈদ মুহাম্মদসহ ২৩ আসামির উপস্থিতিতে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তার সাক্ষ্য গ্রহণ করা হয়। সোমবার পর্যন্ত এই তদন্তকারী কর্মকর্তার ৭০ ভাগ সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
 
সাত খুনের ঘটনায় তৃতীয় তদন্তকারী কর্মকর্তা হিসেবে আদালতে চার্জশিট দাখিল করেন মামুনুর রশিদ মন্ডল। তিনি বর্তমানে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক। চার্জশিট দাখিলের সময়ে মামুনুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ছিলেন।
 
আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন বলেন, ঘটনার পর মামলার তদন্তভার পেয়ে কিভাবে তদন্ত করেছে, কাকে কাকে গ্রেফতার, আটক, জিজ্ঞাসাবাদ, স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ তদন্তের আদ্যোপান্ত তিনি আদালতের সামনে তুলে ধরেন। এ কারণে মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য জবানবন্দি অনেক দীর্ঘ। এর আগে ২২ আগস্ট তার জবানবন্দি শুরু হয়। 
 
সোমবারও সাক্ষ্য রেকর্ড করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।
 
সাত খুনের ঘটনায় দুটি মামলা হয়। একটি মামলার বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের মেয়ে জামাতা বিজয় কুমার পাল ও অপর বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। দুটি মামলাতেই অভিন্ন সাক্ষী হলো ১২৭জন করে। এখন পর্যন্ত সাত খুনের দুটি মামলায় অভিন্ন ১২৭ সাক্ষীর মধ্যে ১০৭ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। ১০৮ নম্বর সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ মন্ডল সাক্ষ্য প্রদান করছেন। 
 
 
ইত্তেফাক/এমআই