'ঘর নোংরা করা'য় চাচার লাথিতে মৃত্যু ভাতিজির!

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১২:৪৫
চাচার লাথিতে মৃত্যু হয়েছে পাঁচ বছর বয়সের এক শিশুকন্যার! ঘর নোংরা করে ফেলেছিল, এটাই তার ‘অপরাধ'! 
 
রবিবার রাতে কলকাতার তিলজলা থানা এলাকার জি জে খান রোডে এই ঘটনাটি ঘটেছে, পুলিশের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম 'সংবাদ প্রতিদিন'।
 
পুলিশ জানিয়েছে, তিলজলায় মুহাম্মদ ইজাজ তার দ্বিতীয় স্ত্রী ও মেয়ে সাবরিনা খাতুনকে (৫) নিয়ে থাকেন। শিশুকন্যার মায়ের আগেই মৃত্যু হয়। তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। অভিযোগ আছে, সৎমা শিশুটিকে অবহেলা করতেন। 
 
কয়েকদিন ধরেই শিশুটির শরীর খারাপ। রবিবার সন্ধ্যায় ইজাজের বাড়িতে বেড়াতে আসে তার এক ভাই। রাত সাড়ে ১০টা নাগাদ ঘরের বাইরে বের হন ইজাজ। তার ভাই ছিল বাড়িতে। এর মধ্যেই ঘর নোংরা করে ফেলে সাবরিনা। সঙ্গে সঙ্গেই নৃশংসভাবে ওই শিশুকন্যার পেটে লাথি মারে তার চাচা। এতে ছোট ঘরের দেওয়ালে গিয়ে তার মাথা লাগে। সে কাঁদতে থাকে। এরপর গভীর রাতে অচেতন হয়ে পড়ে। কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। 
 
এ নিয়ে মামলা হয়েছে। চাচা পালিয়ে যাওয়ায় খোঁজ শুরু হয়েছে তার।
 
ইত্তেফাক/এএম