পদার্থবিজ্ঞান
ড. মো. মনসুর আলী
প্রভাষক,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ,,ঢাকা।
গাণিতিক সমাধান করার পরে তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করবে । শুধু গাণিতিক সমাধান করলেই হবে না, ভাষায়
কিছু লিখতে হবে
পদার্থবিজ্ঞান দর্শন ও গণিতের সাথে সম্পর্কিত একটি বিষয় । এটিকে ব্যাখ্যা করার জন্য গাণিতিক যুক্তি দেখাতে হয়। তাই কিছু সূত্র মুখস্থ করতে হয়। বর্তমান সৃজনশীল প্রশ্নে কোনো বৈজ্ঞানিক ঘটনা অথবা গাণিতিক সমস্যা থাকে। এ সৃজনশীল প্রশ্নে ৪টি অংশ থাকে।
জ্ঞানমূলক: (ক) এ ধরনের প্রশ্নগুলি স্মৃতি নির্ভর, তাই এগুলি মুখস্থ করতে হবে। এটি কমপক্ষে ১টি বাক্যে শেষ করতে হয়। এ ধরনের প্রশ্নগুলি বই থেকে আসতে পারে। তাই পাঠ্যবইটি সম্পূর্ণ ভালো করে পড়তে হবে।
যেমন- টর্ক কাকে বলে? একক ভেক্টর কাকে বলে? অনুনাদ কাকে বলে? বিনতি কোণ কাকে বলে? প্রিজম কাকে বলে?
অনুধাবন:(খ) : এ ধরনের প্রশ্নগুলি ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন উত্তর হতে পারে, তাই এ গুলি বুঝে লিখতে হবে। এটির উত্তর কমপক্ষে ৩/৪ টি বাক্যে শেষ করতে হয়। যেমন- ব্যাখ্যা কর, বলতে কি বুঝ, কারণ কি? আকাশ নীল দেখায় কেন? পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন-প্রোটন বিকর্ষণ হওয়া সত্ত্বেও নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে না কেন? কোন মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক ২.৫ বলতে কি বুঝ ? রোধের মান বাড়লে তাপশক্তি বাড়ে -ব্যাখ্যা কর , আলোর ব্যাতিচার ও অপবর্তনের পার্থক্য লিখ ? এ ধরনের প্রশ্নগুলি বই থেকে আসতে পারে। তাই পাঠ্যবই ভালো করে পড়তে হবে।
প্রয়োগস্তর ( গ): এ স্তরের প্রশ্ন উদ্দীপকের আলোকে লিখতে হয় । এ স্তরে গাণিতিক সমস্যার সমাধান করতে বলা হয়। পদার্থবিজ্ঞানের সূত্রগুলি মুখস্থ করতে হবে। এখানে (গ) গণনা ভুল করলে পরবর্তী স্তর (ঘ) ব্যাখ্যা করা কঠিন হবে। তাই খুব সতর্কতার সাথে অঙ্ক করতে হবে। এ স্তরে উদ্দীপকে কি কি তথ্য দেওয়া আছে তা ডান পাশে লিখে তথ্যগুলি কোন সূত্র কে সমর্থন তা বাম পাশে লিখতে হবে। এরপর এককসহ মানগুলো বসাতে হবে। গণনার পর গণনাকৃত রাশির একক বসাতে হবে। মনে রাখবে, এ স্তরে প্রতিটি রাশি প্রতিস্থাপনের জন্য পৃথক পৃথক নম্বর বরাদ্দ আছে । গ-প্রশ্নে উদ্দীপকের প্রদত্ত রাশি,সূত্র,একক লিখলে কিছু নম্বর পাওয়া যাবে।
উচ্চতর দক্ষতা(ঘ): এ স্তরে প্রয়োগ স্তরে (গ) প্রাপ্ত ফলাফলের অথবা উদ্দীপকে উল্লেখিত তথ্যের ভিত্তিতে তোমার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গী অথবা মতামত ব্যাখ্যা করতে বলা হয়। এস্তরেও কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। প্রশ্নগুলি হতে পারে , যেমন- সম্ভব কিনা, সঠিক কিনা, পারবে কিনা । এ সব উত্তরগুলো গাণিতিক সমাধান করার পরে তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করবে । শুধু গাণিতিক সমাধান করলেই হবে না, ভাষায় কিছু লিখতে হবে।
১ম পত্র: ভেক্টর, গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, কাজ,ক্ষমতা, শক্তি শব্দ তরঙ্গ, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়গুলি বেশী গুরুত্ব দিবে।
২য় পত্র: তাপ গতিবিদ্যা, স্থির তড়িত্, চলতড়িত্, বিদ্যুত্ প্রবাহের চীেম্বকীয় ক্রিয়া ও ভূচৌম্বকত্ব,জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায়গুলি বেশী গুরুত্ব দিবে। সময়ের প্রতি লক্ষ্য রাখবে, ৮টি প্রশ্নের ভেতর থেকে ৫টির উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য (২ঘ.৩৫ মি= ১৫৫মি./৫) প্রায় ৩১ মিনিট সময় পাবে। খাতায় মারজিন টানবে, প্রথমে প্রশ্ন নির্বাচন করে নেবে, নৈর্ব্যত্তিক প্রশ্নে সেট কোড লিখবে, সিরিয়ালি (১ ক,খ,গ,ঘ) লিখবে,পরিশেষে রিভিশন দিবে। সুস্থ মন, সুস্থ শরীর নিয়ে পরীক্ষার হলে যাও, ভালো হোক তোমাদের পরীক্ষা এই কামনা করি।
