রসায়ন
মো. আসমাউল বিশ্বাস, প্রভাষক
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল এন্ড কলেজ
সাভার, ঢাকা
সুপ্রিয় শিক্ষার্থীরা, রসায়ন প্রথমপত্রের প্রথম অধ্যায়টি হলো, ‘ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার’। এ অধ্যায়ে মূলত ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের জন্য সাধারণত ব্যবহূত যন্ত্রপাতির পরিচিতি, এসবের রক্ষণাবেক্ষণ, বিভিন্ন প্রকার ব্যালেন্সের পরিচিতি এবং তাদের তুলনামূলক আলোচনা, রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও সতর্কতা, বিভিন্ন প্রকার হ্যাজার্ড সিম্বল এবং সবশেষে রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহারের গুরুত্ব ও অপরিমিত ব্যবহারের ক্ষতিকর দিক আলোচনা করা হয়েছে। এখান হতে সাধারণত একটি সৃজনশীল প্রশ্ন এসে থাকে। সেক্ষেত্রে দেখা যায়, বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও সতর্কতা, পরিমিত ব্যবহারের গুরুত্ব, অপরিমিত ব্যবহারের ক্ষতিকর প্রভাব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কয়েকটি রাসায়নিক উপাদান দেওয়া থাকতে পারে যাদের সংরক্ষণ, সতর্কতা এবং অসতর্কতাজনিত কী ক্ষতি হতে পারে তা তোমাদের আলোচনা করতে হতে পারে। পাশাপাশি প্রাথমিক চিকিত্সার জন্য ফাস্ট এইড বক্স এবং তার ব্যবহার জানতে হবে। এছাড়া ল্যাবরেটরির পরীক্ষণের উপকরণ, ব্যবহারবিধি, প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ও এদের বৈশিষ্ট্য, বিভিন্নরকম প্রমাণ দ্রবণ সম্পর্কে ধারণা রাখতে হবে।
‘গুণগত রসায়ন’ শিরোনামে আছে দ্বিতীয় অধ্যায়টি । এখানে পরমাণুর পরিচিতি, পরমাণুর মডেল প্রকাশে খ্যাতনামা বিজ্ঞানীদের গবেষণার ফলাফল এবং সীমাবদ্ধতা. বিভিন্ন অরবিট-অরবিটালে ইলেকট্রন ঘুর্ণনের নিয়ম, কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রনের বিভিন্ন কক্ষপথে শক্তি, শক্তির শোষণ-বিকিরণ, বর্ণালি, দ্রাব্যতা ও তার প্রয়োগ অর্থাত্ আয়ন শনাক্তকরণ এবং সবশেষে ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা রয়েছে। এ অধ্যায় হতে দুইটি প্রশ্ন এসে থাকে। সেক্ষেত্রে পরমাণুর মডেল জানার পাশাপাশি বিভিন্ন কক্ষপথ হতে ইলেকট্রনের শক্তি শোষণ-বিকিরণের পরিমাপ নির্ণয়, তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনের বেগ নির্ণয়সূত্র তোমাদের মনে রাখতে হবে। দ্রাব্যতা ও আয়ন শনাক্তকরণ এ অধ্যায়ের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ। কেলাসন, দ্রাব্যতা নির্ণয়, একাধিক দ্রবণের মিশ্রণের ক্ষেত্রে অধ:ক্ষেপ পড়বে কিনা যাচাই এবং কোন লবণের মধ্যে বিদ্যমান আয়নের শনাক্তকরণ সমন্ধে ভালোভাবে জেনে রাখবে। যেহেতু আয়নের ভিন্নতার জন্য বিকারক ভিন্ন প্রয়োজন হয় তাই মনে রাখা একটু কঠিন। তাই বিষয়টা ভালোভাবে বুঝে কয়েকবার লিখবে।
তৃতীয় অধ্যায়:মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। রসায়নের অন্যান্য অধ্যায়ের মধ্যে এটি অপেক্ষাকৃত মৌলিক। পরমাণুসমূহের বৈশিষ্ট্যের মূল ধারণা এবং পর্যায়ভিত্তিক সম্পর্ক এ অধ্যায়ে উপস্থাপন করা হয়েছে। সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুসমূহের বন্ধন গঠন প্রক্রিয়া অরবিটাল চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আয়নিক যৌগ ও সমযোজী যৌগের ধর্ম এবং বিভিন্ন কারণে তাদের ধর্মচ্যুতি, হাইড্রোজেন বন্ধন সমন্ধে এবং এটির গুরুত্ব এ অধ্যায়ের অন্যতম আলোচ্য বিষয়। বোর্ড পরীক্ষা বিবেচনা করলে এটি বেশ গুরুত্বপূর্ণ। এই অধ্যায় হতে দুই বা ততোধিক প্রশ্ন এসেছে। পর্যায়বৃত্ত ধর্ম বিশেষ করে আয়নীকরণ শক্তি তোমাদের মনে রাখতে হবে। বিশেষ করে এদের পর্যায়ভিত্তিক সম্পর্ক এবং ব্যতিক্রমসমূহ। সংকরণ সমন্ধে তোমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। যৌগের আকৃতি, বন্ধন কোণ ভিন্ন হবার কারণ পরীক্ষা জানতে চাইতে পারে। এছাড়া ফাজানের নীতি ও হাইড্রোজেন বন্ধন থেকে একটি সৃজনশীল প্রশ্ন হতে পারে। ক্রিয়া-বিক্রিয়া এবং তার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব সম্পর্কিত অধ্যায় হল : রাসায়নিক পরিবর্তন। সময়ের চাহিদা সবুজ রসায়ন, বিক্রিয়ার গতি, সক্রিয়ন শক্তি, প্রভাবক , রাসায়নিক সাম্যবস্থা, লা-শাতেলিয়ারের নীতি আলোচনা রয়েছে প্রথম দিকে। এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক হলো ভর ক্রিয়ার সূত্র এবং সাম্যধ্রুবক (Kp, Kc) । রাসায়নিক সাম্যবস্থা, লা-শাতেলিয়ারের নীতি এবং সাম্যধ্রুবক হতে একটি প্রশ্ন সাধারণত হয়ে থাকে। আরও একটি সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে এখান হতে তা হলো, বাফার ক্রিয়া সম্পর্কিত প্রশ্ন। বাফার দ্রবণের ক্রিয়া-কৌশল, বাফার দ্রবণের pH নির্ণয়। অধ্যায়ের শেষে রয়েছে তাপশক্তির পরিবর্তন, জ্বালানি কোনটি সাশ্রয়ী হবে তা নির্ণয় সম্পর্কিত প্রশ্ন । এসব বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখবে। আমাদের প্রাত্যহিক জীবনের সাথে সম্পর্কিত একটি অধ্যায়, ‘কর্মমুখী রসায়ন’। খাদ্য নিরাপত্তা , প্রসাধনী সামগ্রির পরিচয় ও প্রস্তুতি এবং পরিষ্কারক সামগ্রি নিয়ে এ অধ্যায়ে খাদ্য নষ্ট হবার কারণ, খাদ্য সংরক্ষণের জন্য প্রাকৃতিক প্রিজারভেটিভস বিশেষ করে ভিনেগার প্রস্তুতি, অনুমোদিত প্রিজারভেটিভস ব্যবহার করা, প্রাকৃতিক প্রিজারভেটিভসের ও কৃত্রিম প্রিজারভেটিভসের তুলনামূলক আলোচনা এ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার-বিশেষ করে সাবান প্রস্তুতি ও ক্রিয়াকৌশল হতে প্রশ্ন হতে পারে।
তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক তোমরা উচ্চশিক্ষায় গমন করো এ শুভ কামনা রইল।
