ভারতের উড়িষ্যায় এক ইভ টিজারকে রাস্তায় বাঁশ দিয়ে পিটিয়েছে দুই ছাত্রী। রবিবার দুপুরে ভুবনেশ্বরের উৎকল বিশ্ববিদ্যালয়ের চমকপ্রদ এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ফেরার সময়ে এক ছাত্রীর পথ রোধ করে বিনোদ সাহু নামে এক মোটরবাইক আরোহী। সে ওই ছাত্রীটিকে মোটরসাইকেলে চড়িয়ে হোস্টেলে এগিয়ে দেবার প্রস্তাবও দেয়। স্থানীয় সংবাদমাধ্যমকে ওই ছাত্রীটি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তা একদম ফাঁকা ছিল সেই সময়ে। হঠাৎই মোটরসাইকেল নিয়ে আমার সামনে এসে হাজির হয় লোকটি। সে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। আমি প্রথমে ঘাবড়ে যাই। তারপরেই একটা বাঁশ তুলে ভয় দেখাতে সে পালায়।
তারপরেই এক বান্ধবীকে ফোন করে ডেকে আনেন ওই ছাত্রীটি। একটু খোঁজাখুঁজি করতেই পাওয়া যায় মাতাল ইভ টিজারটিকে। তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে রাস্তায় ফেলে দুজনে মিলে বাঁশ দিয়ে পেটাতে শুরু করেন। ততক্ষণে পুলিশ হাজির হয়ে যায়, জড়ো হয় অন্যরাও। ইউটিউবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, দুই ছাত্রী ক্রমাগত বাঁশ দিয়ে পেটাচ্ছেন রাস্তায় বসে থাকা ন্যাড়া মাথার ওই মধ্যবয়সীকে।
IMG0
সে যতবার উঠে দাঁড়াতে যাচ্ছে, ততবারই ছাত্রীরা বাঁশ দিয়ে পেটাচ্ছেন আর ওড়িয়া ভাষায় ধমকাচ্ছেন। কয়েকবার হাত জোড় করে ক্ষমা চাইলে আরও মার পড়ছে পিঠে, হাতে, পায়ে। সোমবার ওই ইভ টিজারকে গ্রেপ্তার করে পুলিশ। মাতাল ব্যক্তিটি পেশায় গৃহশিক্ষক বলে জানা যাচ্ছে। এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ
