লিবিয়ায় আইএসের মুখপাত্র নিহত

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ০৯:২৮
 
ইসলামিক স্টেট গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি নিহত হয়েছেন। আইএস'র সংবাদসংস্থা আমাক নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
আমাকের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার আলেপ্পোতে সামরিক হামলা প্রতিরোধ করতে গিয়ে তিনি মারা যান।
 
তবে তিনি বিমান হামলায় মারা গেছেন নাকি স্থল সেনাদের হামলায় তার বিস্তারিত জানায়নি আমাক।
 
কোন ব্যক্তি দ্বারা এককভাবে আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে পশ্চিমা বিশ্বসহ অন্যান্য দেশে যেসব হামলা হয়েছে বলা হয়ে থাকে এসব হামলার ডাক প্রথম তার কাছ থেকেই এসেছিল। ইউরোপে বেশকটি হামলা সরাসরি তিনি নিজেই পরিকল্পনা করেছেন বলে বলা হয়ে থাকে।
 
মার্কিন পররাষ্ট্র দফতর আল-আদনানিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে এবং তার সম্পর্কে তথ্যের বিনিময়ে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
 
আল আদনানি একইসাথে ইসলামিক স্টেট গোষ্ঠীর হয়ে বহির্বিশ্বে নানা অপারেশন পরিচালনা এবং প্রচারণা দুটি দায়িত্বই পালন করতেন।
 
মার্কিন সূত্র মতে, আদনানিই প্রথম কোনো বিদেশি যোদ্ধা যে ২০০৩ সালে ইরাকে মার্কিন সমর্থিত বাহিনীর বিরুদ্ধচারণ করেছিল।
 
আল-আদনানির সর্বশেষ বার্তা শোনা গেছে মে মাসে। সেখানে তিনি মুসলিমদের পশ্চিমা বিশ্বে আক্রমণ করতে আহ্বান জানিয়েছিলেন। 
 
ইত্তেফাক/এএসএস