লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার গাজী কমপ্লেক্সের পেছনে ভবনের তৃতীয় তলায় বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অফিসে কেক কেটে ও আলোচনা সভা করার সময় এ হামলার ঘটনা ঘটে। এসময় ছাত্রদলের কিছু উশৃঙ্খল নেতাকর্মী অফিসের ছাদের ওপর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে নিচ থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে কার্যালয়ের জানালার কাচ ভাংচুর করে। খায়ের ভূইয়াসহ নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ পাহারায় কার্যালয় থেকে খায়ের ভূঁইয়ারসহ বিএনপি নেতাকর্মীরা চলে যায়।
প্রত্যক্ষদর্শী ও বিএনপির দলীয় সূত্র জানায়, দলীয় কর্মসূচিতে যোগ দিতে জেলা বিএনপির সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়াসহ ছাত্রদলের কিছু নেতাকর্মী মোটরসাইকেল বহর নিয়ে রবিদাসপুর থেকে রায়পুরে আসেন। ঘটনার সময় গাজী কমপ্লেক্সের পাশে দলীয় নেতাকর্মীরা আবুল খায়ের ভূঁইয়াকে পর্যায়ক্রমে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় রায়পুর পৌর আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী খায়ের ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে জড়ো হয়। এসময় ছাত্রদলের কিছু উশৃঙ্খল নেতাকর্মী অফিসের ছাদের ওপর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরাও নিচ থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে কার্যালয়ের জানালার কাচ ভাংচুর করে। পরে খায়ের ভূইয়াসহ নেতাকর্মীদের প্রায় আধা ঘণ্টা কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ব্যাপারে রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ বলেন, বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা হঠাৎ জড়ো হওয়ার খবরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে গিয়েছিল। এসময় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে উত্তেজনা সৃষ্টি করে।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে আমাদের কার্যালয়ের কয়েকটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি পুলিশকে জানিয়েছি।
এ ব্যাপারে রায়পুর থানার পুলিশের উপ-পরিদর্শক হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।
ইত্তেফাক/এমআই
