ঝিনাইদহে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৫২
 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর কড়াইতলা নামক স্থানে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবল। আজ শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটেছে। 
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, ঝিনাইদহ যশোর মহাসড়কের পিরোজপুর  কড়াইতলায় বাস ট্রাকে ডাকাতি করার জন্য একদল ডাকাত রাস্তার উপর গাছ  ও পাট গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে। রাত সাড়ে ৩টার দিকে পুলিশের একটি টহল গাড়ি ওই ব্যারিকেডে বাধা পেয়ে থেমে যায়। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে ৩টি হাত বোমা ও গুলি হামলা করে। পুলিশও পাল্টা গুলি করে। উভয় পক্ষের মধ্যে ১৩ মিনিট 'বন্ধুকযুদ্ধ' চলে। ডাকাতরা পালিয়ে গেলে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।   
 
ঘটনাস্থল তল্লাশি করে ৫টি হাতবোমা, ১টি শার্টারগান, ১ রাউন্ড গুলি, ৪টি দা ও ২টি গাছ কাটা করাত উদ্ধার করে পুলিশ। আহত কনস্টেবল রতন কুমার ও আলামিনকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। 
 
 
ইত্তেফাক/কেকে