লক্ষ্মীপুরে ডাকাতির চেষ্টা, ভুয়া পুলিশ আটক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ২১:০৫
 
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় পুলিশের গাড়িতে ‘ডাকাতির চেষ্টা’ করে এক ভুয়া পুলিশ আটক হয়েছে। শুক্রবার ভোরে পদ্মাবাজারের পাশে নরিয়মপুরে এ ঘটনা ঘটে বলে জানান রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া।
 
আটক শাকিল হোসেন (২০) রামগঞ্জ উপজেলার পূর্ব দরবেশপুর গ্রামের সাকায়েত উল্লার ছেলে।
 
ওসি তোতা মিয়া বলেন, রামগঞ্জ থানার এসআই সানাউল্যাসহ পুলিশ সদস্যরা সিএনজিচালিত ভাড়া করা অটোরিকশায় করে টহল দিয়ে থানায় ফিরছিলেন। পথে সাকিলের নেতৃত্বে পুলিশের পোশাক পরা পাঁচ-ছয় ডাকাত তাদের গতিরোধ করে। পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। সঙ্গে সঙ্গে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও শাকিল ধরা পড়ে।
 
আটক শাকিল সংঘবদ্ধ ডাকাতদলের ‘মূল হোতা’ বলে জানান ওসি তোতা মিয়া।