বিশ্বকাপকে লক্ষ্য করেই ইনজুরি সারিয়ে নিজেকে প্রস্তুত করে তুলছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। গত বৃহস্পতিবার ভর দুপুরে বিসিবি একাডেমি মাঠে মাশরাফি বিন মুর্তজা ও সাংবাদিকদের মধ্যে আলোচনা হচ্ছিল বিশ্বকাপ নিয়ে। আলাপের মাঝেই একাডেমি মাঠে আসেন তাসকিন। ইনজুরি সারিয়ে ওঠার মধ্যে থাকা এই পেসারকে দেখতে পেয়েই ডেকে নিলেন মাশরাফি। ইনজুরির খবর নিলেন, কবে রানিং, বোলিং করবেন জানতে চাইলেন। অনুজকে কিছু পরামর্শও দিলেন ওয়ানডে অধিনায়ক।
তাসকিনের নিউজিল্যান্ড সফর শেষ হয়ে গিয়েছিল বিপিএলে পাওয়া ইনজুরিতে। ওয়ানডে, টেস্ট দলে সুযোগ পেয়েও খেলতে পারেননি। নিউজিল্যান্ডে না খেলতে পারলেও তাসকিন নিশ্চিতভাবেই বাংলাদেশ দলের বিশ্বকাপ সমীকরণে টিকে আছেন। পরিকল্পনা অনুযায়ী এখন রানিং করছেন তাসকিন। দ্রুতই বোলিং শুরুর আশা করছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের সুপারলিগ পর্বে মাঠে ফেরার পরিকল্পনাতেই এগুচ্ছেন দ্রুতগতির এই পেসার। শুধু অধিনায়ক নন, খোদ তাসকিন নিজেও বিশ্বকাপকে পাখির চোখ করেই এগিয়ে যাচ্ছেন। গতকাল এই তরুণ বলেছেন, বিশ্বকাপ খেলাই তার স্বপ্ন।
ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপকেই গুরুত্ব দিচ্ছেন এই পেসার। গতকাল বিসিবি একাডেমি মাঠে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘সত্যি কথা বলতে আমি বিশ্বকাপকে গুরুত্ব দিচ্ছি। কারণ বিশ্বকাপ আমার স্বপ্ন। আমি জানি না কাল (আজ) সকালে ঘুম থেকে উঠে কি হবে। অত লম্বা আমি চিন্তা করছি না। আমি মূল গুরুত্ব দিচ্ছি শতভাগ ফিট হয়ে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া।’
চার বছর আগে (২০১৫ সাল) অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপেও খেলেছিলেন ২৩ বছর বয়সী এই পেসার। এবার ইংল্যান্ডেও বল হাতে দেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি।
বিপিএলে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে দারুণ ছন্দে ফিরেছিলেন তাসকিন। যার পুরস্কার হিসেবে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে, টেস্ট দলে ডাকা হয় তাকে। কিন্তু ইনজুরিতে ছিটকে পড়েন তিনি।
তবে বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল তৈরি করেছিলেন নির্বাচকরা। সেই দলটা ঘোষণা করা হয়নি। ইনজুরিতে পড়া তাসকিনকে প্রাথমিক দলে রেখেছিলেন নির্বাচকরা। বর্তমানে কোনোরকমের ব্যথা অনুভব না করেই রানিং করতে পারছেন তাসকিন। গতকাল নিজের ইনজুরির অগ্রগতি নিয়ে তিনি বলেছেন, ‘আল্লাহর রহমতে এখন অবস্থা ভালো। আজকে (গতকাল) আমার দ্বিতীয় রানিং সেশন হবে। আশাকরি এভাবে চলতে থাকলে দ্রুত বোলিংও শুরু হবে। আস্তে আস্তে রানিংয়ের গতি, তীব্রতা বাড়ছে। এখন পর্যন্ত ব্যথা মুক্ত। এভাবে নির্ভেজালভাবে চলতে থাকলে খুব দ্রুতই বোলিং শুরু করা যাবে।’
চলতি মার্চ মাসের শেষ দিকেই বোলিং শুরু করার আশা করছেন তাসকিন। বিসিবির চিকিত্সক, ফিজিওদের পরিকল্পনা অনুযায়ী রিহ্যাব চলছে তার। গতকাল বলেছেন, ‘আল্লাহ যদি চায় এই মাসেই বোলিং শুরু করব, এটা আমাদের প্ল্যান অনুযায়ী। আমার এবং ফিজিও’র যেই টিমটা আছে। প্রত্যেকটা প্লেয়ারের রিহ্যাবের প্ল্যান থাকে। আমাদের প্ল্যান অনুযায়ী সুপারলিগের মধ্যেই খেলা শুরু করার। উন্নতি ভালো হলে এর আগেও হতে পারে। যাই হবে, আমি রিহ্যাবটা ভালো মত শেষ করেই শুরু করতে চাচ্ছি।’
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ওই ত্রিদেশীয় সিরিজের দলটাই খেলবে বিশ্বকাপে। প্রিমিয়ার লিগের শেষদিকে বোলিং শুরু করে পূর্ণ ফিট হওয়ার প্রমাণ দিতে পারলেই হয়তো বিশ্বকাপের টিকিট পেয়ে যাবেন তাসকিন।
