ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তো ব্রুনাইয়ে তার প্রথম বিদেশ সফর বাতিল করেছেন। তার নিজ শহরে ভয়াবহ বোমা হামলার ঘটনার পর শনিবার তিনি এ সফর বাতিল করেন। শনিবার এমনটাই জানান প্রেসিডেন্টের মুখপাত্র।
প্রেসিডেন্টের যোগাযোগ সচিব মার্টিন আন্দানার এএফপিকে বলেন, রবিবার প্রেসিডেন্টের ব্রুনাই সফরে যাওয়ার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়েছে।
শুক্রবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও নগরীর একটি মার্কেটে শক্তিশালী একটি বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত ও আরো ৬৭ জন আহত হয়।
দুয়ের্তো ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি তার মন্ত্রিসভার সদস্য এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বোমা হামলার সময় তিনি দাভাওতে ছিলেন।
জঙ্গি সংগঠন আবু সায়াফকে এই হামলার জন্য দায়ী করা হচ্ছে।
মাত্র দু’মাস আগে দেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করা দুয়ের্তের প্রতিবেশী দেশগুলোতে উদ্বোধনী সফরের অংশ হিসেবে প্রাথমিকভাবে বন্দর সেরি বেগাওয়ান সফরের কর্মসূচি ছিল।
আন্দার জানান, একটি আঞ্চলিক সম্মেলনের জন্য মঙ্গলবার দুতার্তের লাওসে এবং সেখান থেকে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা রয়েছে। এএফপি
ইত্তেফাক/এমএইচ
