চৌগাছায় নিখোঁজ ইউপি চেয়ারম্যানের লাশ শনাক্ত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ২৩:১৪
 
তিনদিন আগে যশোর শহর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় লাশটি চৌগাছার আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের (৫০)। শনিবার রাতে পরিবারের সদস্যরা যশোর কোতোয়ালি থানায় গিয়ে লাশের ছবি দেখে শনাক্ত করেছেন।
 
নিখোঁজের ঘটনায় শনিবার তাঁর ছেলে শাহিনুর রহমান চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিহত আবুল কাশেম চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি চারদিন আগে নিখোঁজ হন।
 
চেয়ারম্যান আবুল কাশেমের স্ত্রী ফিরোজা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী আবুল কাশেম বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যবহূত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে।
 
সূত্র জানায়, বুধবার দুপুরে ঢাকায় যাওয়ার জন্য যশোরের উদ্দেশে রওনা হন তিনি। ব্যক্তিগত মোটরসাইকেলে তার সহযোগী আশিক তাকে যশোর শহরের দড়াটানায় বিকাল চারটা নাগাদ পৌঁছে দেন। ওই সময় চেয়ারম্যান আশিককে বলেন, চৌগাছা বাজারে তার ছেলেকে যেন মোটরসাইকেলটি পৌঁছে দেয়া হয়। এরপর তিনি স্ত্রীকে জানান, যশোর থেকে রাত আটটার নৈশকোচে ঢাকা রওনা হবেন। কিন্তু রাত আটটার আগে থেকে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। শনিবার দুপুরে তার ছেলে বাবা নিখোঁজের বিষয়ে চৌগাছা থানায় জিডি করেন। এ সময় ওসি যশোর জেনারেল হাসপাতাল মর্গে একটি অজ্ঞাত লাশের কথা জানান এবং লাশের ছবি দেখান। এ সময় তার ছেলে ছবি দেখে লাশটি তার বাবার বলে শনাক্ত করেন।
 
যশোর কোতোয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন জানান, শহরের ষষ্ঠিতলাপাড়ার সুরেন্দ্রনাথ রোডের একটি পুকুর থেকে বুধবার রাত তিনটার দিকে অজ্ঞাত হিসেবে পুলিশ একটি লাশ উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন ছিল। লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রাখা হয়। কিন্তু লাশের দাবিদার না পাওয়ায় শুক্রবার আঞ্জুমানে মুফিদুল ইসলাম বেওয়ারিশ হিসেবে লাশটি দাফন করে। লাশের ছবি ফেসবুকসহ বিভিন্ন থানায় পাঠানা হয়। চৌগাছা থানায় পাশাপোল ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের স্বজনরা লাশটি তার বলে জানিয়েছে। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, লাশটি শনাক্তের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে কবর থেকে উত্তোলন করে চৌগাছায় নিয়ে দাফন করা হবে।
 

ইত্তেফাক/এএম।