এবার পায়ুপথে পেঁপে ঢুকিয়ে হত্যার চেষ্টা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪৭
এবার রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে জিয়াউল ইসলাম (৩২) নামে এক যুবকের পায়ুপথে পেঁপে ঢুকিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
 
গত শুক্রবার বিকেলের এ ঘটনায় গুরুতর আহত জিয়াউল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চারঘাট উপজেলার হলিদাগাছি ইউপি গুচ্ছগ্রামের জালাল উদ্দিনের ছেলে।
 
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, এ ঘটনায় আহত জিয়াউল ইসলামের স্ত্রী মনজুরা বেগম বাদী হয়ে শনিবার থানায় মামলা করেছেন। এ মামলার আসামি হলিদাগাছি ইউপি গুচ্ছগ্রামের এমাজের ছেলে আমিরুলের ইসলামকে শনিবার দুপুর ১টার দিকে গ্রেফতার করা হয়েছে।
 
জিয়াউলের স্ত্রী মনজুরা জানান, আমিরুলের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার তাকে গ্রামের একটি পেঁপে বাগানে নিয়ে তিনজন মিলে মারধর করেন। মারধরের এক পর্যায়ে তার পায়ুপথে জোর করে ছোট আকারের পেঁপে ঢুকিয়ে দেন আমিরুল। তিনজনের মধ্যে শুধু আমিরুলকেই চিনতে পারেন জিয়াউল ।
 
এদিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার (ইএমও) ডা. আরিফুল হক জানান, জিয়াউলের  পায়ুপথে রক্তক্ষরণ হচ্ছে।  তার অস্ত্রপচার করা হবে।
 
ইত্তেফাক/ইউবি