বাংলাদেশের সামনে আজ ফিলিস্তিন বাধা

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২১:৫৮

এএফসি অনূর্ধ্ব—২৩ বাছাই, বাহরাইন

সোহেল সারোয়ার চঞ্চল

শুক্রবার রাতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে বাংলাদেশ হারলেও (১-০) লড়াই করেছে। বাংলাদেশের ফুটবলারদের কাছ থেকে এতোটা লড়াই ছিল অপ্রত্যাশিত। সুশান্ত ত্রিপুরার ভুলের খেসারত দিতে হয়েছে ২০ মিনিটে গোল হজম করে। বাহরাইন দ্বিতীয় গোলের সুযোগ পেলেও গোলপোস্টে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের গোলকিপার আনিসুর রহমান জিকো। মাঝমাঠ আক্রমণভাগ সবার মধ্যে একটা টিম ওয়ার্ক কাজ করেছে। সেটাই ব্রিটিশ কোচ জেমি ডের কাছে এখন বড় সান্ত্বনা। হারলেও লড়াই করেছে। গোলের সুযোগ শুরুতেই আদায় করে নিতে পারত বাংলাদেশ। গোল হজমের ধাক্কা সামাল দিয়ে কাটিয়ে উঠা সুফিলরা খেলার শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন।

বাহরাইনের ফুটবলাররা বাংলাদেশের গোলকিপার জিকোর কথা মনে রাখবেন। দারুণ খেলেছেন জিকো। কিছু অবিশ্বাস্য সেভ দিয়েছেন এই গোলকিপার। শুধু গোলকিপার জিকো নয়, স্টেডিয়ামের দর্শক যেন আবারও মাঠে আসেন সেরকম পারফরম্যান্স মেলে ধরেছেন বাংলাদেশের অনূর্ধ্ব—২৩ ফুটবলের অধিনায়ক জনি, রিয়াদুল, মতিন মিয়া, টুটুল, বিপলু, রাকিব, আলামিন, বিশ্বনাথরা। রবিউলের একেকটা থ্রোইনের বল ছিল কর্নারের চেয়েও বেশি শক্তিশালী। বুলেটের মতো ভেদ করেছে। প্রবাসী বাঙালিরা উপভোগ করেছেন খেলা। ব্যানার ফেস্টুন পতাকা নিয়ে খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামের মাঠে গিয়েছিলেন শ্রমজীবী মানুষ।

‘বি’ গ্রুপে বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচ খেলবে ফিলিস্তিনের বিপক্ষে। আজ বাংলাদেশ ও ফিলিস্তিন খেলা শুরু হবে বাংলাদেশের সময় সন্ধ্যা ৭টায়। গত বছর অক্টোবরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে বাংলাদেশ ও ফিলিস্তিন মুখোমুখি হয়েছিল কক্সবাজারে। বাংলাদেশ হেরেছিল। সেই ম্যাচে বাংলাদেশের সুফিল, টুটুল হোসেন বাদশা, বিপলু আহমেদ, রহমত মিয়া, রবিউলরা খেলেছিলেন ফিলিস্তিনের সিনিয়রদের বিপক্ষে। সেই ফুটবলাররা আজ ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবেন। সেই ফিলিস্তিন এবং এই ফিলিস্তিনের মধ্যে খুব একটা পার্থক্য নেই। তারপরও বাংলাদেশের গ্রুপে বাহরাইন এবং ফিলিস্তিন ফেভারিট। প্রথম খেলার ধাক্কা সামাল দিয়ে উঠা যায়নি। আজ দ্বিতীয় ধাক্কা সামাল দেওয়ার দিন।

বাহরাইনে বাংলাদেশের কোচ জেমি ডে বলেছেন- আমাদের গ্রুপে বাহরাইন এবং ফিলিস্তিন শক্তিশালী দল। একটা কঠিন ম্যাচ খেলেছি আজ আবার আকেরটি কঠিন ম্যাচ খেলব। আমরা চ্যালেঞ্জ নিয়ে খেলেছি। আজকে আশা করি একটা ভালো কিছু করব।’ কোচ বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের কিছু ভুল ছিল। আশা করি সেগুলো কাটিয়ে আজ নতুন লড়াইয়ে নামবে ছেলেরা।’

আগের দিন ম্যাচ ছিল বলে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব—২৩ ফুটবল দল সুইমিংপুলে কাটিয়েছে। জিম করেছে। যারা মাঠে খেলেনি তাদের জন্য অনুশীলন রাখা হয়েছিল। ফিলিস্তিনের মাঠে ২০১৭ সালে অলিম্পিক ফুটবলে বাংলাদেশ ০-৩ গোলে ফিলিস্তিনের বিপক্ষে হেরেছিল। সিনিয়র ফুটবল দল লড়াই করলেও ১টি ড্র, ২টি হার রয়েছে। ফিফার র্যাংকিংয়ে ফিলিস্তিন ১০০ নম্বরে এবং বাংলাদেশ ১৯২ নম্বরে রয়েছে।

গতকাল হতে এশিয়ার ১১ দেশে ১১টি গ্রুপে ৪৪টি দেশ এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাইয়ের খেলা শুরু করেছে। শুধু বাংলাদেশই নয়- ভারত, নেপাল, মালদ্বীপও হেরেছে।