বাড়ি ছেড়ে পালিয়েছে জঙ্গি জাহিদের বাবা-মা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৪
ঢাকার রূপনগর এলাকায় পুলিশের অভিযানে জেএমবির সামরিক প্রশিক্ষক মুরাদ ওরফে জাহাঙ্গীর নামে নিহত জঙ্গির প্রকৃত নাম জাহিদুল ইসলাম।
 
তার বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের পশ্চিম চাঁনপুর গ্রামে। তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম ও মা জেবুন্নাহার ইসলাম শুক্রবার থেকে চিকিৎসার নাম করে বাড়ি ছেড়ে পালিয়েছে। রবিবার সকাল থেকে তাদের বাড়িটি ঘিরে আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সদস্যসহ উৎসুক জনতার ভিড় দেখা গেছে।
 
জানা যায়, গণমাধ্যমে জঙ্গি জাহিদুল ইসলামের পরিচয় প্রকাশ পাওয়ার পর রবিবার সকাল থেকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় ড্রিমস নামীয় তার পিতার মালিকানাধীন ৩ তলা ভবনটিকে ঘিরে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ও স্থানীয় এলাকার উৎসুক জনতার ভিড় বেড়ে যায়।
 
নিচতলায় ও তিন তলা  ভাড়া দেওয়া। দ্বিতীয় তলায় অবসরপ্রাপ্ত ওই পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম ও তার স্ত্রী জেবুন্নাহার ইসলাম বসবাস করেন। নুরুল ইসলামের পৈত্রিক বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে।
 
প্রায় ৩০ বছর আগে তিনি জায়গা কিনে এখানে এ বাড়িটি নির্মাণ করেন। তার ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে নিহত জঙ্গি জাহিদুল ইসলাম সকলের বড়। এলাকায় সে মেজর জাহিদ হিসেবে পরিচিত। জাহিদ ২ সন্তানের জনক। জাহিদের অপর ভাই জহির ও বোন সানিয়া ঢাকায় থাকে। বাড়িতে নুরুল ইসলাম ও তার স্ত্রী জেবুন্নাহার থাকতেন। গত শুক্রবার তারা অসুস্থতার কথা বলে ঢাকায় চলে যান। জাহিদের বাবা স্থানীয় মসজিদে বলেছিলেন, জাহিদ মেজরের চাকরি ছেড়ে কানাডা চলে গেছে।
 
কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, জাহিদ অবসরপ্রাপ্ত সেনা মেজর বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বাবা-মাকে বাড়িতে পাওয়া যায়নি। পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন বিভিন্ন স্থানে জাহিদ ও তার পরিবার সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।
 
ইত্তেফাক/ইউবি