পরিবেশ অধিদপ্তরের স্থানীয় কার্যালয় গত এক মাসে শিল্প কারখানাগুলোর পরিবেশ বান্ধব অবস্থা নিশ্চিত এবং পরিবেশ রক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করতে ১০৯টি স্থানীয় শিল্প প্রতিষ্ঠানকে সতর্ক করেছে। এসব কারখানার পরিবেশ উন্নত না করা হলে বন্ধ করে দেয়া হবে বলেও সতর্ক করে দেয়া হয়েছে।
রবিবার পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন বাসসকে জানান, ইতিমধ্যেই আমরা ১শ’ ৯টি কারখানাকে সতর্ক করে দিয়েছি এবং পরিবেশ বান্ধব অবস্থা রক্ষায় খুলনা অঞ্চলের কারখানাগুলোকে নজরদারি মধ্যে রাখা হবে।
তিনি বলেন, ইতোমধ্যেই অধিদপ্তর পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানকে পরিবেশ ছাড়পত্র দেওয়া বন্ধ করে দিয়েছে এবং এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়েছে।
পরিবেশ উন্নয়নের লক্ষে যেসব প্রতিষ্ঠানের দূষণে প্রত্যক্ষ প্রভাব রয়েছে, পরিবেশ অধিদপ্তরের খুলনা কার্যালয় যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবছর থেকে অভিযান জোরদার করেছে।
সতর্ক করা প্রতিষ্ঠানগুলোর মাঝে রয়েছে- ৩৬টি চিংড়ি প্রক্রিয়াকরণ কারখানা, ১০টি সরকারি ও ২৩টি বেসরকারি পাট কল, ১০টি সিমেন্ট কারখানা, ১১৬টি ফিড কারখানা, ৫টি এলপিজি কারখানা, ৬টি ফার্মাসিটিকেলস্ কারখানা, ৭টি লবণ কারখানা এবং ১২টি প্লাইউড কারখানা।
ইত্তেফাক/এসএস
