মার্কিন নির্বাচন নিয়ে ঢাকা দূতাবাসের ফেসবুক চ্যাট

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৩
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা আয়োজিত ‘রোড টু দ্য হোয়াইট হাউস’ শীর্ষক ধারাবাহিক ফেসবুক চ্যাট-এর পঞ্চমটি মঙ্গলবার অনুাষ্ঠিত হবে। পঞ্চম ফেসবুক চ্যাটটির থিম ‘রাজনীতিতে যুবসমাজ’।
 
১০ই মে শুরু হওয়া এই ফেসবুক চ্যাট ২০১৭ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান পর্যন্ত চলবে। প্রতি মাসে একজন করে নির্বাচন বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের নির্বাচন-এর একটি নির্দিষ্ট বিষয়ে এক ঘণ্টাব্যাপী এই ফেসবুক চ্যাটে অংশগ্রহণ করেন। ৬ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের ফেসবুক চ্যাটে থাকবেন জেসিকা গ্রাউন্ডস। 
 
জেসিকা নারীর ক্ষমতায়নের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন যাতে করে নারীরা জনজীবনে নেতা হিসেবে গড়ে উঠতে পারেন।  তিনি সম্প্রতি হিলারি ক্লিনটনের ২০১৬ সালের প্রেসিডেন্সিয়াল প্রার্থিতার জন্য সমর্থন সংগ্রহে কাজ করা তৃণমূল সংগঠন `উইমেন রেডি ফর হিলারি'র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।  
 
এর আগে তিনি “রানিং স্টার্ট” নামক একটি অলাভজনক প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ছিলেন।  এই প্রতিষ্ঠানটি মেয়েদের এবং তরুণ নারীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার  জন্য উৎসাহ প্রদান করে আসছে। মিস গ্রাউন্ডস ‘সলিড গ্রাউন্ড স্ট্রাটেজি’-র প্রতিষ্ঠাতা এবং প্রধান কৌশলী ছিলেন।  তার এই প্রতিষ্ঠানটি জেন্ডার সম্পর্কিত কৌশল নিয়ে নারী নেত্রী, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং কোম্পানিদের পরামর্শ প্রদান করে থাকে। দূতাবাসের ফেসবুক পেইজে ৬ই সেপ্টেম্বর ‘রোড টু দ্য হোয়াইট হাউস’ পোস্টের কমেন্ট অংশে প্রশ্ন দেয়া যাবে।  
 
ইত্তেফাক/এসএসএ