দক্ষিণ কোরিয়া জানিয়েছে, পূর্ব উপকূল থেকে আরো তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সোমবার স্থানীয় সময় বিকেল তিনটার দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের দফতর।
দেশটির পশ্চিমাঞ্চলে রাজধানী পিয়ংইয়ংয়ের দক্ষিণ দিক থেকে মাঝারি পাল্লার রোডং-শ্রেণির ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয়। এগুলো এক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরীয় সামরিক বাহিনী।
এগুলোর মধ্যে অন্ততপক্ষে একটি ক্ষেপণাস্ত্র জাপানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের ভিতরে গিয়ে পড়েছে বলে দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উেক্ষপণ চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হল।
উত্তর কোরিয়ার প্রতিবেশী ও দীর্ঘদিনের মিত্র চীনে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতির দেশগুলোর সম্মেলন জি-টোয়েন্টি অনুষ্ঠিত হচ্ছে। এ সময় এসব ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী তাদের ক্ষমতা প্রদর্শন করেছে বলে দক্ষিণ কোরীয় বিবৃতিতে ধারণা প্রকাশ করা হয়েছে।
চীনের হ্যাংঝুতে শীর্ষ সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দক্ষিণ কোরীয় নেতা পার্ক গুয়েন হি-র বৈঠক শেষ হওয়ার কয়েক ঘন্টা পরই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে উত্তর কোরিয়া।
ওই বৈঠকে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উেক্ষপণ আঞ্চলিক শান্তির প্রতি হুমকি তৈরি করছে ও চীনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার মিত্ররা চ্যালেঞ্জের মুখে পড়ছে, জিনপিংকে পার্ক এমন কখা বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহ্যাপ। রয়টার্স
ইত্তেফাক/এএম।
