সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
সীতাকুণ্ডে অবৈধভাবে পাহাড় কাটার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইটি এক্সকাভেটর জব্দ করেন। পরে তা স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল ৬টায় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক সলিমপুর ইউনিয়নের ফকিরহাট-বায়েজিদ সড়কের পাশে অভিযানে যান। আট একরেরও বেশি বিস্তৃত পাহাড়টি কেটে সমান করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পাহাড় কাটার কাজে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক পাহাড় কাটার কাজে ব্যবহূত দুইটি এক্সকাভেটর জব্দ করেন।
জব্দ করা এক্সকাভেটর স্থানীয় চেয়ারম্যান সালাউদ্দিন আজিজের জিম্মায় রাখা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাঈদুল ইসলামসহ অন্য কর্মকর্তাবৃন্দ। অভিযানের ব্যাপারটি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হক বলেন, পাহাড় কর্তনকারী যতই প্রভাবশালী হোক ছাড় দেওয়া হবে না। অন্যায় করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
